হিংসাজর্জর মণিপুরে সশস্ত্র সন্ত্রাসীদের দমনে এবার এলিট কোব্রা কমান্ডো মোতায়েন কেন্দ্রের
ইমফল, ৩১ মে (হি.স.) : হিংসাজর্জর মণিপুরে নিরাপত্তা জোরদার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সহিংসতাপ্রবণ রাজ্যে ‘কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী’ (সিআরপিএফ)-র এলিট ‘কমান্ডো ব্
এলিট কোব্রা কমান্ডো_প্রতিনিধিত্বমূলক চিত্র


ইমফল, ৩১ মে (হি.স.) : হিংসাজর্জর মণিপুরে নিরাপত্তা জোরদার এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সহিংসতাপ্রবণ রাজ্যে ‘কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী’ (সিআরপিএফ)-র এলিট ‘কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন (কোব্রা)-এর দুটি ব্যাটালিয়ন মোতায়েনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সরকারি সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে অবস্থিত ২০৭ কোব্রা এবং অসমে অবস্থানরত ২১০ কোব্রা ব্যাটালিয়নকে আগামী সপ্তাহখানেকের মধ্যে মণিপুরে অপারেশনাল দায়িত্বে নিয়োজিত করা হবে। এই কমান্ডোরা রাজ্যে সহিংসতা ও অশান্তির সঙ্গে জড়িত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করবে।

রাজ্যের জ্যেষ্ঠ নিরাপত্তা আধিকারিক এ খবর দিয়ে জানান, এলিট কোব্রা ইউনিটগুলো রাজ্যে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিতকারী সশস্ত্র সন্ত্রাসীগুলোর বিরুদ্ধে কেন্দ্রীভূত অভিযান চালাবে। কোব্রা মোতায়েন মণিপুরে সন্ত্রাসবিরোধী এবং আইন-শৃঙ্খলা রক্ষার বৃহত্তর কৌশলের অংশ, বলেন তিনি।

পুলিশ অফিসার জানান, এলিট কোব্রা জঙ্গলযুদ্ধ ইউনি ২০০৮-০৯ সালে মূলত বামপন্থী উগ্রপন্থী এবং বিদ্রোহ দমনের জন্য গঠিত হয়েছিল। বর্তমানে বাহিনীটির ১০টি ব্যাটালিয়ন রয়েছে। প্রত্যেক ব্যাটালিয়নে প্রায় এক হাজার জন হাই-ট্রেনড কমান্ডো রয়েছেন। তাঁরা গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান, গেরিলা যুদ্ধ, জঙ্গল যুদ্ধ এবং সন্ত্রাসবিরোধী কৌশলে দক্ষ।

মধ্য ভারতের নকশালবিরোধী অভিযানে কোব্রা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একাধিক সফল অভিযানের মাধ্যমে মাওবাদী কার্যকলাপ দুর্বল করতে সক্ষম হয়েছে।

জ্যেষ্ঠ নিরাপত্তা আধিকারিক জানান, দেশে মাওবাদী সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কোব্রা-র কয়েকটি ইউনিটকে এখন অন্যান্য উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুনর্নিয়োজিত করা হচ্ছে। মণিপুরের পাশাপাশি ভবিষ্যতে জম্মু ও কাশ্মীরেও বিশেষ অভিযান পরিচালনার জন্য এক বা দুটি কোব্রা ব্যাটালিয়ন মোতায়েনের বিষয় বিবেচনা করা হচ্ছে, জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande