
ভোপাল, ৩১ মে (হি.স.) : মধ্যপ্রদেশের রায়সেন জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ পরিবারে জন্ম নেওয়া অঞ্জনা যাদব ইতিহাস গড়লেন। নিজের অদম্য পরিশ্রম, সাহস ও অটুট সংকল্পের জোরে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে সেখানে ভারতের তিরঙ্গা উত্তোলন করেছেন তিনি। এই অসামান্য সাফল্যে অঞ্জনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব।
রবিবার সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী লেখেন, রায়সেন জেলার সেমরি গ্রামের কন্যা অঞ্জনা যাদব বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সফলভাবে জয় করে সমগ্র রাজ্য ও দেশকে গর্বিত করেছেন। তাঁর এই ঐতিহাসিক সাফল্য সকলের জন্য গৌরবের বিষয়। অঞ্জনার সাহস, সংকল্প ও নিষ্ঠা দেশের সমস্ত মেয়েদের জন্য অনুপ্রেরণার উৎস বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি অঞ্জনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
রায়সেন জেলার সাঁচি উন্নয়ন ব্লকের অন্তর্গত সেমরি গ্রামের বাসিন্দা আন্তর্জাতিক পর্বতারোহী অঞ্জনা যাদব ২৭ মে সকাল ৫টা ২৪ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮,৮৪৮.৮৬ মিটার) সফলভাবে আরোহণ করে তিরঙ্গা উত্তোলন করেন। এক সাধারণ গ্রামীণ পরিবার থেকে উঠে এসে এভারেস্ট শৃঙ্গে পৌঁছনো তাঁর দীর্ঘদিনের কঠোর সাধনা, সাহস ও দৃঢ় মানসিকতারই ফল।
এর আগে ‘অপারেশন সিঁদুর’-এর এক বছর পূর্তি উপলক্ষে ৬,১১৯ মিটার উচ্চতার লোবুচে পিকে ‘অপারেশন সিঁদুর’-এর ব্যানার উত্তোলন করে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন অঞ্জনা।
এভারেস্ট বেস ক্যাম্প থেকে পাঠানো এক আবেগঘন বার্তায় অঞ্জনা বলেন, “এটি শুধু একটি পর্বতারোহণ নয়, বরং দেশের শহিদদের প্রতি জাতির অটুট শ্রদ্ধার প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন ভারতের কণ্ঠস্বর এখন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গেও পৌঁছে গেছে। এখান থেকে দেশের বীর সেনানীদের আত্মত্যাগকে স্যালুট জানানো হচ্ছে।”
নিজের অভিযানের মাধ্যমে অঞ্জনা ‘ফিট ইন্ডিয়া, হিট ইন্ডিয়া’-র বার্তা ছড়িয়ে দিয়ে সুস্থ জীবনযাপনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ‘মা কে নাম এক পেড়’ কর্মসূচির প্রচার করে প্রত্যেক নাগরিককে মায়ের সম্মানে অন্তত একটি গাছ লাগানোর আবেদন করেছেন।
এই ঐতিহাসিক সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের উৎসাহ, সহযোগিতা ও দিকনির্দেশনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অঞ্জনা। পাশাপাশি দেশের মানুষ, পরিবার, বাবা-মা, বন্ধু, সমর্থক এবং যাঁরা প্রতিটি পদক্ষেপে তাঁকে উৎসাহ দিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানান তিনি।
অঞ্জনা হিমালয়ান ইনস্টিটিউট থেকে বেসিক মাউন্টেনিয়ারিং (বিএমসি) কোর্স সম্পন্ন করেছেন। তিনি আটটি খেলায় জাতীয় স্তরের ক্রীড়াবিদ এবং ইতিমধ্যেই প্রায় ২৪টি শৃঙ্গ জয় করেছেন। এর মধ্যে রয়েছে ২০,০০০ ফুট উচ্চতার মাউন্ট ইউ নাম পিক, ১৮,১৯২ ফুটের মাউন্ট কালাপাত্তার পিক, ১৭,৯২৯ ফুটের মাউন্ট গোকিও পিক, ১৭,৫৯৮ ফুটের এভারেস্ট বেস ক্যাম্প, ১৭,৩৪৬ ফুটের মাউন্ট ফ্রেন্ডশিপ পিক, ১৬,০২৩ ফুটের মাউন্ট রেনোক পিক এবং ১৩,৮০০ ফুটের মাউন্ট পাতাসু পিক। এছাড়া তিনি ১৯ কিলোমিটার গঙ্গা রাফটিংও সম্পন্ন করেছেন।
অঞ্জনা যাদব ১৭ বার জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। খো-খো, কাবাডি, তায়কোন্ডো ও অন্যান্য বিভিন্ন খেলায় তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন।
এভারেস্ট জয়ের পর অঞ্জনা যাদব সোমবার, ১ জুন ভারতে ফিরছেন। তাঁর স্বাগত জানাতে মধ্যপ্রদেশে জোর প্রস্তুতি চলছে। অঞ্জনার এই ঐতিহাসিক সাফল্য আবারও প্রমাণ করল, দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে যে কোনও লক্ষ্য অর্জন করা সম্ভব।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য