
কলকাতা, ৩১ মে (হি. স.) : তথাকথিত ‘বুলডোজার রাজনীতি’ এবং গরিব মানুষের জীবিকার উপর আঘাতের বিরুদ্ধে রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও গণসংগঠনকে একজোট হওয়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার এক বিবৃতিতে তিনি জানান, সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে খেটে খাওয়া মানুষের রুটি-রুজি রক্ষার লড়াইকে সামনে আনতে হবে।
শুভঙ্করের অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে ‘বুলডোজার রাজনীতি’ চলছে। পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদ এবং বেআইনি নির্মাণ ভাঙার নামে সাধারণ মানুষের জীবিকা বিপন্ন করা হচ্ছে। সাম্প্রতিক হকার উচ্ছেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুনর্বাসন ছাড়া এই ধরনের পদক্ষেপ অমানবিক এবং হাজার হাজার পরিবারের জীবনে তার সরাসরি প্রভাব পড়ছে। হকার উচ্ছেদের বিরুদ্ধে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বৃহত্তর গণআন্দোলনের ডাক দিয়েছেন শুভঙ্কর। তাঁর কথায়, দল-মতের ঊর্ধ্বে উঠে গরিব মানুষের পাশে দাঁড়ানোই আজ সময়ের দাবি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত