
দুর্গাপুর, ৩১ মে (হি.স.) : দীর্ঘদিন তালাবন্দি থাকা একটি কমিউনিটি শৌচাগার ও শিশু উদ্যান রবিবার জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি করল বিজেপি। দুর্গাপুরের গোপালমাঠ এলাকায় বিজেপি কর্মীদের উদ্যোগে শৌচাগারের তালা ভেঙে তা ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। একই সঙ্গে শিশু উদ্যান পরিষ্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় বলে দাবি দলের।
বিজেপির অভিযোগ, দুর্গাপুর নগর নিগমের অধীন গোপালমাঠ বাসস্ট্যান্ডের কমিউনিটি শৌচাগারটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহারের বাইরে ছিল। সরকারি অর্থে নির্মিত হলেও সেটি অধিকাংশ সময় তালাবন্দি অবস্থায় পড়ে থাকত। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রয়োজন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ ওই শৌচাগার ব্যবহার করতে পারতেন না।
রবিবার সকালে বিজেপি কর্মীরা সেখানে জড়ো হন। জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপের নেতৃত্বে শৌচাগারের তালা খুলে দেওয়া হয়। এরপর দলীয় কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। ঝাঁটা হাতে শৌচাগার ও সংলগ্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি শিশু উদ্যানের আগাছাও পরিষ্কার করা হয়।
বিজেপির অভিযোগ, শৌচাগারের পাশাপাশি সংলগ্ন শিশু উদ্যানটিও দীর্ঘদিন সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। রবিবার সেটিকেও শিশুদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে দাবি দলের।
জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সুমন গোপ বলেন, “দূরদূরান্ত থেকে আসা যাত্রী, মহিলা এবং সাধারণ মানুষ দীর্ঘদিন শৌচাগারের অভাবে সমস্যায় পড়ছিলেন। সরকারি অর্থে নির্মিত এই পরিকাঠামো ব্যবহার করতে না পারা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বহুবার বিষয়টি জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা এটি খুলে দিয়েছি।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা