
কলকাতা, ৪ মে (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, এই নির্বাচনের ফলাফল আদতে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, স্বৈরাচারী শাসন এবং অপশাসনের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন।
মহম্মদ সেলিমের মতে, রাজ্যের মানুষ তৃণমূল সরকারের পতন চেয়েছিলেন, কিন্তু সেই জনরোষের সুযোগ নিয়ে বিজেপি ফায়দা তুলেছে। তিনি অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়া, কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা এবং কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের ফলে রাজ্যে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। এর পাশাপাশি তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের প্রচারও বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে বলে তিনি দাবি করেন।
নির্বাচনী ফলাফলে বামেদের অবস্থান নিয়ে মহম্মদ সেলিমের কণ্ঠে আত্মসমালোচনার সুর শোনা গিয়েছে। তিনি জানান, বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ায় তৃণমূল বিরোধী বিকল্প শক্তি হিসেবে বিজেপি জায়গা করে নিতে সক্ষম হয়েছে। তবে দীর্ঘদিন পর আবারও বিধানসভায় বামপন্থী বিধায়কদের উপস্থিতি ফিরে আসাকে দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। সেলিম স্পষ্ট করে দেন যে, বিধানসভার ভিতরে ও বাইরে তাঁরা জনস্বার্থে লড়াই চালিয়ে যাবেন।
ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনের পরবর্তী হিংসা বা অশান্তি রুখতে প্রশাসনকে সচেষ্ট হতে হবে। অশান্তি ছড়িয়ে যাতে নতুন করে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা না করা হয়, সেই জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন সেলিম। রাজ্যে আইনের শাসন কঠোরভাবে বজায় রাখার দাবি তোলার পাশাপাশি তিনি বিজেপিকেও ‘স্বৈরাচারী ও গণতন্ত্রবিরোধী’ দল হিসেবে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত