
পুরুলিয়া, ৪ মে (হি. স.): ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী পুরুলিয়া জেলার চিত্রটি সম্পূর্ণ গেরুয়া অভিমুখে। সোমবার শেষ পাওয়া তথ্য অনুসারে, জেলার মোট ৯টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। চূড়ান্ত ফল ঘোষণার আগেই এই ট্রেন্ডে উচ্ছ্বাসে মেতে উঠেছেন জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এই ফলাফলকে ‘মানুষের জয়’ বলে অভিহিত করেছেন পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো গণনাকেন্দ্রের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “দীর্ঘদিন ধরে চলা অনুন্নয়নের পর এবার পশ্চিমবঙ্গ প্রকৃত উন্নয়নের পথে হাঁটবে। মানুষ জঙ্গলমহল থেকে যে বার্তা দিয়েছেন, তা পরিবর্তনেরই প্রতিফলন।” জয়ের আভাস পেয়েও দলের নেতা-কর্মীদের অতি-উৎসাহে মেতে না ওঠার এবং সংযত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার ৯টি আসনের মধ্যে ৬টিতে জয়লাভ করেছিল বিজেপি। বাকি ৩টি আসন— বান্দোয়ান, মানবাজার এবং কাশীপুর গিয়েছিল তৃণমূলের দখলে। তবে এবারের প্রাথমিক ট্রেন্ড বজায় থাকলে তৃণমূলের হাত থেকে ওই ৩টি আসনও ছিনিয়ে নিতে চলেছে গেরুয়া শিবির। জেলা জুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি বিজেপির জয়োল্লাস রুখতে প্রশাসন সতর্ক রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি