
কলকাতা, ৪ মে (হি.স.): বিধাননগরে এগিয়ে বিজেপি। পঞ্চম রাউন্ড গণনার শেষে বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু জানান, এখনও অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে। গণনা প্রক্রিয়ার গতি শ্লথ। অন্যদিকে পঞ্চম রাউন্ড গণনার শেষে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি নয় হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
এদিকে, জলপাইগুড়ি বিধানসভায় ২২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী আইনজীবী অনন্তদেব অধিকারী। জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছিল দাপুটে বলে পরিচিত কৃষ্ণ দাসকে। জলপাইগুড়ি পুর এলাকার গণনা এখনও শেষ হয়নি, ইতিমধ্যে ২২ হাজার ভোটে পিছিয়ে কৃষ্ণ।
পঞ্চম রাউন্ড শেষে নদিয়ার শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপনকুমার দাস ১৬,২২৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর থেকে। সপ্তম রাউন্ডে নবদ্বীপ কেন্দ্রে বিজেপির শ্রুতি শেখর গোস্বামী প্রায় ১৫ হাজার ভোটে এগিয়ে। ওই সপ্তম রাউন্ডে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায় প্রায় ২৪ হাজার ভোটে এগিয়ে। অন্য দিকে, ষষ্ঠ রাউন্ড গণনা শেষে রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় ২০,৪৬৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী তাপস কুমার ঘোষের থেকে। ষষ্ঠ রাউন্ড শেষে রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস ১৯,১২৭ ভোট এগিয়ে তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়ের থেকে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ