
কলকাতা, ৪ মে (হি. স.): ভোট গণনার ফল প্রকাশিত হওয়ার পর শহরজুড়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিল লালবাজার। সোমবার কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট জানানো হয়েছে যে, আজ কোনোভাবেই বিজয় মিছিল বের করা যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় নির্বাচন কমিশনের তরফে নিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এক চিঠিতে জানিয়েছেন, সোমবার দিনভর ভোট গণনার প্রক্রিয়া চলবে। চূড়ান্ত ফল ঘোষণা হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে। এই অবস্থায় কোনও প্রকার উত্তেজনা বা বিশৃঙ্খলা যাতে না ছড়ায়, তার জন্য পুলিশ সদা তৎপর রয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আজকের পরিবর্তে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (৫ মে) বিজয় মিছিল সংগঠিত করা যেতে পারে। তবে তার জন্যও সংশ্লিষ্ট থানা এলাকা থেকে কলকাতা পুলিশের আগাম লিখিত অনুমতি এবং বৈধ আবেদনপত্র থাকা বাধ্যতামূলক।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, কলকাতা পুলিশের বিনা অনুমতিতে কোনও জমায়েত বা মিছিল করা সম্ভব নয়। শহরের প্রতিটি স্পর্শকাতর মোড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। নির্দেশিকা অমান্য করে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় অথবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না কলকাতা পুলিশ। শান্তি বজায় রাখতে নাগরিকদের সর্বস্তরে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত