
আসানসোল, ৪ মে (হি. স.): ভোট গণনা চলাকালীন উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের গোবিন্দপুর এলাকা। গণনাকেন্দ্রের অদূরেই তৃণমূল কংগ্রেসের একটি ক্যাম্প অফিসে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়।
তৃণমূল কাউন্সিলর শ্রাবণী মণ্ডলের অভিযোগ, “আমরা সবাই মিলে ক্যাম্প অফিসে বসে গণনার খবর দেখছিলাম, সেই সময় আচমকা বিজেপি কর্মীরা এসে হামলা চালায়।” তাঁর দাবি, এই হামলায় অফিসের চেয়ার এবং বাইরে রাখা একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। শ্রাবণী দেবী কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “প্রচুর কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে বলা হয়েছিল, কিন্তু এই হামলার সময় তারা কোথায় ছিল?” যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এই উত্তেজনার মাঝেই স্বস্তিতে রয়েছেন আসানসোল উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের থেকে ১৬ হাজার ৭৩১ ভোটে এগিয়ে রয়েছেন। আসানসোল শিল্পাঞ্চলের অন্যান্য বুথগুলোতেও কড়া নিরাপত্তা বজায় রেখেছে পুলিশ ও প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / সোনালি