পৃথক ভিলেজ কমিটির দাবিতে আমবাসায় রিয়াং শরণার্থীদের ডেপুটেশন
আমবাসা (ত্রিপুরা), ৭ মে (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পৃথক ভিলেজ কমিটি গঠনের দাবিতে সরব হলেন রিয়াং শরণার্থীরা। বৃহস্পতিবার ধলাই জেলার আমবাসা মহকুমাধীন হাদুক্লোক পাড়া
রিয়াং শরণার্থীদের ডেপুটেশন


আমবাসা (ত্রিপুরা), ৭ মে (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পৃথক ভিলেজ কমিটি গঠনের দাবিতে সরব হলেন রিয়াং শরণার্থীরা। বৃহস্পতিবার ধলাই জেলার আমবাসা মহকুমাধীন হাদুক্লোক পাড়া এলাকার ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা আমবাসা মহকুমা শাসকের দফতরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত বহু পরিবার নিজেদের এলাকার জন্য পৃথক ভিলেজের স্বীকৃতি এবং আলাদা ভিলেজ কমিটি গঠনের দাবি জানিয়ে আসছেন। তাঁদের অভিযোগ, বর্তমানে তাঁরা প্রশাসনিক নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং স্থানীয় সমস্যাগুলিরও সঠিক সমাধান মিলছে না। ফলে নিজেদের স্বার্থ ও উন্নয়নের স্বার্থে পৃথক ভিলেজ কমিটি গঠন অত্যন্ত জরুরি বলে দাবি তাঁদের।

এদিন মহকুমা শাসক রিঙ্কু রিয়াং কার্যালয়ে অনুপস্থিত থাকায় ডেপুটেশন গ্রহণ করেন ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট (ডিসিএম) অনীশ দেবনাথ। প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রশাসনের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।

ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার আগে যদি ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পকে পৃথক ভিলেজ হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, তাহলে ওই এলাকায় নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। কারণ বর্তমান পরিস্থিতিতে তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না বলে দাবি করেন তাঁরা।

রিয়াং শরণার্থীদের অভিযোগ, বহু বছর ধরে তাঁরা অনিশ্চয়তা ও নানাবিধ সমস্যার মধ্যে জীবনযাপন করছেন। পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং প্রশাসনিক সুযোগ-সুবিধা নিয়েও একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তাঁরা। বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে বিষয়গুলি জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি বলেও অভিযোগ।

এদিন আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দ্রুত তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনে নামবেন তাঁরা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিও গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রতিনিধিরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande