শিশুদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, খানাকুলে আইসিডিএস কেন্দ্রে চরম উত্তেজনা
আরামবাগ, ৭ মে (হি.স.): শিশুদের মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল ট্যাবলেট দেওয়ার অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল হুগলির খানাকুলের জালপাতা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ​জানা গিয়েছে, বৃহস্পতিবা
রোগীর আত্মীয়দের বিক্ষোভ


আরামবাগ, ৭ মে (হি.স.): শিশুদের মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল ট্যাবলেট দেওয়ার অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল হুগলির খানাকুলের জালপাতা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

​জানা গিয়েছে, বৃহস্পতিবার জালপাতা এলাকার ৭৪ নম্বর আইসিডিএস কেন্দ্র থেকে শিশুদের টিকাকরণ কর্মসূচির পাশাপাশি প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হচ্ছিল। অভিযোগ, বিতরণ করা ওই প্যারাসিটামল ট্যাবলেটগুলির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে গিয়েছিল। প্রথম দিকে বিষয়টি কারও নজরে না এলেও, কিছুক্ষণ পর এক অভিভাবক ওষুধের প্যাকেটের তারিখ দেখে আঁতকে ওঠেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

​এলাকার উত্তেজিত জনতা আইসিডিএস কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এলাকায় একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্প বসিয়ে প্রতিটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কীভাবে সদ্যজাত ও শিশুদের স্বাস্থ্যের বিষয়ে স্বাস্থ্য বিভাগ এতটা উদাসীন হতে পারে, তা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা।

​এদিকে, চরম গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আইসিডিএস কর্মী। তাঁর দাবি, ভুলবশত এই ওষুধগুলি বিতরণ করা হয়ে গিয়েছে। তবে শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে এমন উদাসীনতাকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না অভিভাবকরা। এলাকায় এখনও পুলিশি টহল চলছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande