ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, তদন্ত ও ক্ষতিপূরণের দাবি প্রদেশ কংগ্রেসের
আগরতলা, ১ জুন (হি.স.) : ত্রিপুরার সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার অব্যবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেসের এক প্রতিনিধ
কংগ্রেসের ডেপুটেশন


আগরতলা, ১ জুন (হি.স.) : ত্রিপুরার সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার অব্যবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেসের এক প্রতিনিধি দল ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়। এক বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজ্যের দুটি প্রধান সরকারি হাসপাতাল—আইজিএম হাসপাতাল এবং জিবিপি হাসপাতালে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনাগুলি অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাস্থ্য ব্যবস্থার চরম ব্যর্থতার পরিচয় বহন করে।

প্রদেশ কংগ্রেসের অভিযোগ, মাত্র চার দিনের ব্যবধানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আওতাধীন দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এর মধ্যে আইজিএম হাসপাতালে জনৈকা গর্ভবতী মহিলা ও তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই গর্ভবতী মহিলা হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও দীর্ঘ সময় পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যুবরণ করেন।

এরই মধ্যে শনিবার জিবিপি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক গুরুতর অসুস্থ রোগীর মৃত্যুর ঘটনাও সামনে আসে। কংগ্রেসের দাবি, ওই রোগী শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে সেখানে পড়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসেনি। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

বিবৃতিতে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করে বলেন, যখন রাজ্য সরকার এবং স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার দাবি করছেন, তখন বাস্তবে সরকারি হাসপাতালগুলিতে রোগীদের নিরাপত্তা ও চিকিৎসা পরিষেবা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে।

প্রদেশ কংগ্রেসের মতে, এই ঘটনাগুলিকে বিচ্ছিন্ন বা স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। স্বাস্থ্য পরিষেবার অব্যবস্থা, দায়িত্বে গাফিলতি এবং তদারকির অভাবের কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে বলে অভিযোগ দলের।

দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনাগুলির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন, দুর্নীতি ও অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে।

এদিকে, সাম্প্রতিক এই ঘটনাগুলিকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান ও হাসপাতালগুলির কার্যকারিতা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগের প্রেক্ষিতে সরকার বা স্বাস্থ্য দফতরের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande