
বিলোনিয়া (ত্রিপুরা), ১ জুন (হি.স.) : কৃষকদের আয় বৃদ্ধি, কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারের লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ কৃষি পরিকাঠামোর উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ-কাম-ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি বলেন, কৃষকদের স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার ধারাবাহিকভাবে নানা জনমুখী উদ্যোগ গ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের জন্য উন্নত কৃষিযন্ত্র, আধুনিক প্রযুক্তি, ভর্তুকি এবং প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের ফলে রাজ্যে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, কৃষির উন্নয়ন শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মাটির স্বাস্থ্য রক্ষা এবং দীর্ঘমেয়াদি টেকসই কৃষি ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমান সময়ে অর্গানিক বা জৈব চাষাবাদের পাশাপাশি প্রাকৃতিক চাষাবাদকে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে। দেশব্যাপী চলমান ‘ক্ষেত বাঁচাও অভিযান’-এর প্রসঙ্গ তুলে তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত ২৫ শতাংশ জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানান। তাঁর মতে, প্রাকৃতিক চাষাবাদ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি উৎপাদন ব্যয় কমিয়ে কৃষকদের লাভের পরিমাণও বৃদ্ধি করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, কৃষিজমি কোনও অবস্থাতেই ফেলে রাখা উচিত নয়। সরকারি বিভিন্ন কৃষি প্রকল্পের সুযোগ গ্রহণ করে প্রতিটি জমিকে উৎপাদনের আওতায় আনতে হবে। এতে খাদ্যশস্য উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। বক্তব্যে তিনি দেশের কৃষি ও খাদ্যশস্য উৎপাদনে ভারতের বর্তমান সাফল্যের চিত্রও তুলে ধরেন এবং কৃষি ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং স্থানীয় বিধায়ক স্বপ্না মজুমদার। তাঁরা তাঁদের বক্তব্যে কৃষকদের উদ্দেশে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কৃষি প্রকল্পের সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জয়দীপ সরকার, ভাইস চেয়ারম্যান মিঠু দত্ত সরকার, রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি দাস, সমাজসেবী দীপায়ন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অধিকর্তা ডঃ ফণিভূষণ জমাতিয়া। সভায় সভাপতিত্ব করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ।
এদিন কৃষিমন্ত্রী রতন লাল নাথ বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কৃষি উপ-অধিকর্তার কার্যালয়েরও উদ্বোধন করেন। পাশাপাশি বিসি নগরে ৩ কোটি ১১ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত আরও একটি এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ-কাম-ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন তিনি।
নতুন এই পরিকাঠামোগুলি চালু হওয়ার ফলে দক্ষিণ ত্রিপুরা জেলার কৃষকরা আধুনিক কৃষি প্রশিক্ষণ, গবেষণা-ভিত্তিক পরামর্শ এবং উন্নত কৃষি পরিষেবা আরও সহজে পাবেন বলে প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা উন্নয়নের মাধ্যমে জেলার কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ