
নয়াদিল্লি, ১২ জুন (হি.স.) : ভারতের প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টার্ট-আপ পরিকাঠামোকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ১৪ জুন ফ্রান্সের নিস শহরে ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর যৌথভাবে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই বিশেষ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ভারতের ‘ডিপ-টেক’ স্টার্ট-আপ, নতুন আবিষ্কার এবং গবেষণা ক্ষমতাকে বিশ্বের প্রথম সারির বিনিয়োগকারী ও শিল্পমহলের সামনে দক্ষতার সাথে উপস্থাপন করা।
শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, এই মেগা ইভেন্টে ভারতের ১২০ জন উদীয়মান উদ্ভাবক, ১৫টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ৫০০-র বেশি আন্তর্জাতিক বিনিয়োগকারী, শীর্ষস্থানীয় কর্পোরেট সংস্থা, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এবং বিশ্বখ্যাত সিইও-সহ শিল্পজগতের দিকপালরা অংশ নেবেন। এই সম্মেলনে অ্যাডভান্সড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তি, জৈব-প্রুক্তি বা বায়োটেকনোলজি, শক্তি, স্বাস্থ্য পরিষেবা এবং উৎপাদন ক্ষেত্র-সহ মোট ১৩টি প্রধান ও সংবেদনশীল ক্ষেত্রের ওপর বিশেষ জোর দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল ফরাসি সফরে তাঁর সাথে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলেরও যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক অজয় কুমার সুদও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মন্ত্রকের আধিকারিকদের মতে, ‘ভারত ইনোভেটস ২০২৬’-এর এই প্রথম সংস্করণটি ভারতীয় ডিপ-টেক স্টার্ট-আপগুলির সাথে বৈশ্বিক বিনিয়োগকারীদের মেলবন্ধনের এক ঐতিহাসিক মঞ্চ হয়ে উঠবে। এই সম্মেলন চলাকালীন গবেষণা ও উন্নয়ন, স্টার্ট-আপের আন্তর্জাতিক সম্প্রসারণ এবং সীমান্ত-পার পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সহযোগিতার ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
এই আয়োজনের মাধ্যমে ভারত ও ফ্রান্সের প্রযুক্তিগত পরিকাঠামোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং উদীয়মান প্রযুক্তির যৌথ উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে। এর ফলে ভারতীয় উদ্ভাবনগুলির বিশ্বব্যাপী বাজার পাওয়ার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ উদযাপনের অংশ হিসেবেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, যার সূচনা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে যৌথভাবে করেছিলেন প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি ম্যাক্রোঁ। আন্তর্জাতিক স্তরে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও প্রযুক্তিগত দক্ষতাকে নতুন পরিচিতি দেওয়ার ক্ষেত্রে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
হিন্দুস্থান সমাচার / সোনালি