
ওয়াশিংটন, ১১ জুন (হি.স.) : পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ আপাতত স্থগিত রাখার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং সমঝোতার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে।
নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হওয়ার পরই সম্ভাব্য সামরিক অভিযান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, চুক্তির কাঠামো এবং সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতিও হয়েছে।
ট্রাম্প দাবি করেছেন, এই কূটনৈতিক প্রক্রিয়ায় আমেরিকার পাশাপাশি ইজরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরিন, কুয়েত, জর্ডন ও মিশর-সহ একাধিক দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, চূড়ান্ত চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে কার্যকর থাকা নৌ-অবরোধ বহাল থাকবে এবং তাতে কোনও শিথিলতা আনা হবে না। শীঘ্রই এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং সেখানে নিরাপদ সমুদ্রপথ বজায় আছে। সেন্টকমের দাবি, যে সব জাহাজ ইরান-সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে না, তারা স্বাভাবিকভাবেই এই পথ ব্যবহার করতে পারছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, গত দু’মাসে শতাধিক বাণিজ্যিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য