সরকারি প্রকল্প ও পরিষেবার অভিযোগ নিষ্পত্তিতে চালু হলো ‘আপনার সরকার আপনার সাথে’ পোর্টাল
কলকাতা, ১৩ জুন (হি.স.): সাধারণ মানুষের অভিযোগ এবং সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার চালু করল ‘আপনার সরকার আপনার সাথে’ পোর্টাল। এর আগে একই নামে হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছিল। এবার নাগরিকরা অনলাইন মাধ্যমের সাহায্
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৩ জুন (হি.স.): সাধারণ মানুষের অভিযোগ এবং সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার চালু করল ‘আপনার সরকার আপনার সাথে’ পোর্টাল। এর আগে একই নামে হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছিল। এবার নাগরিকরা অনলাইন মাধ্যমের সাহায্যেও তাঁদের অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী কার্যালয়ে পৌঁছাতে পারবেন। মুখ্যমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে উপলব্ধ এই পোর্টালে হেল্পডেস্ক নম্বর, ইমেল সুবিধা এবং ‘অভিযোগ নথিভুক্ত করুন’ (লজ কমপ্লেন)-এর বিকল্প দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এখানে জানানো যাবে।

পোর্টালে অভিযোগ নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে প্রথমেই নিজের মোবাইল নম্বর দিতে হবে। এরপর ওটিপি (OTP) যাচাইকরণ এবং ক্যাপচা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাচাইকরণ পর্ব শেষ হতেই অভিযোগ নিবন্ধীকরণ পৃষ্ঠাটি খুলে যাবে, যেখানে নাম, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা কেন্দ্র এবং ডাকঘর সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীর বয়স, ইমেল আইডি এবং একটি বিকল্প যোগাযোগ নম্বরও দিতে হবে। অভিযোগের বিস্তারিত বিবরণ লেখার জন্য একটি নির্দিষ্ট বক্স থাকবে। নাগরিকরা চাইলে তাঁদের অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্রও আপলোড করতে পারবেন। সব তথ্য পূরণ করার পর আবেদনটি জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি শুরু করেছিলেন, যার অধীনে একটি হেল্পলাইন পরিষেবাও পরিচালিত হতো। তবে সেই ব্যবস্থা নিয়ে বিভিন্ন স্তরে একাধিক খামতির অভিযোগ সামনে এসেছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছানো এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা বলেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এই নতুন উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আপনার সরকার আপনার সাথে’।

চলতি মাসের শুরুর দিকে নবান্ন সভাঘর থেকে ‘আপনার সরকার আপনার সাথে’ হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছিল। সরকারি পরিষেবা পেতে যেকোনো ধরনের বাধা বা সমস্যার সম্মুখীন হলে নাগরিকরা ৮২৮২০৮২৮২০ নম্বরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া asap@wb.gov.in ইমেলের মাধ্যমেও অভিযোগ পাঠানো যেতে পারে। এবার পোর্টালটি চালু হওয়ার পর সাধারণ মানুষের কাছে অভিযোগ জানানোর আরও একটি অনলাইন বিকল্প চলে এলো।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande