
হাড়োয়া, ১৩ জুন (হি. স.): শনিবার উত্তর ২৪ পরগনার হারোয়া থানা এলাকায় এক যুবতীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, প্রায় ৩৫ বছর বয়সি ওই যুবতী দীর্ঘদিন ধরে তাঁর বাপের বাড়িতে থাকতেন। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে এলাকার কয়েকজন যুবক তাঁকে বাড়ির মধ্যে আটকে রেখে গণধর্ষণ করে। পরে নির্যাতিতা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরিবারের পক্ষ থেকে হাড়োয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।অভিযুক্তদের মধ্যে সঞ্জীবাহা ও খোকন কাহার নামে দুই যুবককে রাতেই গ্রেফতার করা হয়েছে। রাজু কাহার নামে আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনায় মোট চারজন জড়িত ছিল।পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়