অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকেছে পুলিশ, অভিযোগ মমতার
কলকাতা, ১৩ জুন (হি.স.) : আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পুলিশি অভিযানের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভো
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৩ জুন (হি.স.) : আদালতের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পুলিশি অভিযানের ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভোররাতের এই পদক্ষেপকে ‘নজিরবিহীন’ ও ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, পুলিশ জোরপূর্বক বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে এবং তল্লাশি চালিয়েছে।

শনিবার সকালে অভিষেকের পটুয়াপাড়া বাসভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ যেভাবে তালা ভেঙে পুরো বাড়িতে তল্লাশি চালাল, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের দল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত আনুমানিক ৩টে নাগাদ রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের একটি বিশাল দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছায়। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) জওয়ানদেরও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ বেশ কিছু সময় ধরে বাড়ির ভেতর থাকা ব্যক্তিদের ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ না মেলায়, শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডেকে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তদন্তকারীরা। ঘটনার খবর পেয়েই সকালের দিকে কড়া নিরাপত্তার মধ্যে সেখানে পৌঁছান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫ ঘণ্টা বাড়ির ভেতরে থাকার পর সকাল ৮টা নাগাদ পুলিশ আধিকারিকরা বেরিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখান থেকে রওনা দেন।

তল্লাশি অভিযান শেষে বাইরে এসে ক্ষোভ প্রকাশ করেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি দাবি করেন, পুলিশ নিয়মনীতির তোয়াক্কা না করে তালা ভেঙে বাড়ির প্রতিটি কোণায় তল্লাশি চালিয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ার ভিডিও ও লিখিত রেকর্ড রাখা হয়েছে বলে তিনি জানান।

সূত্র মারফত জানা গেছে, এই অভিযানে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশকর্মীদের পাশাপাশি মহিলা আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তবে নির্দিষ্ট কোন মামলার ভিত্তিতে এই অতিসক্রিয়তা, তা পুলিশের পক্ষ থেকে এখনও সরকারিভাবে খোলসা করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande