
চন্দ্রকোনা, ১৩ জুন (হি. স.): কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারি ও ব্যক্তিগত (রায়তি) জমি দখল করে নির্মিত একটি মিষ্টির দোকান ভেঙে দিল প্রশাসন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর এলাকায় বুলডোজার চালিয়ে বেআইনি নির্মাণটি গুঁড়িয়ে দেওয়া হয়। শনিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক সংলগ্ন পূর্ত দফতরের ৩৬১ বর্গফুট জমি এবং একটি রায়তি জমির ৭১.২৫ বর্গফুট অংশ দখল করে স্থানীয় বাসিন্দা রঞ্জন সিং পাকা নির্মাণ করে মিষ্টির দোকান চালু করেছিলেন। জমির মালিক তথা আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দত্ত অভিযোগ করেন, জমি দখলের পাশাপাশি দোকানের এক্সহস্ট ফ্যানের দুর্গন্ধে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ছিল তাঁর পরিবার। বিষয়টি নিয়ে স্থানীয় স্তরে সমাধান না হওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে তদন্তের পর গত ২৭ মে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়। শুক্রবারই পূর্ত দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, ব্লক প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। যদিও অভিযুক্ত রঞ্জন সিংয়ের পরিবার জানিয়েছে, আদালতের নির্দেশ পাওয়ার পর তাঁরা নিজেরাই দোকানের মালপত্র সরিয়ে কাঠামোর একাংশ ভাঙা শুরু করেছিলেন। প্রশাসনের এই পদক্ষেপে সরকারি ও ব্যক্তিগত জমি পুনরুদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়