
ঝাড়গ্রাম, ১৩ জুন (হি.স.) : দীর্ঘ ছয় মাস নিখোঁজ থাকার পর অবশেষে গুজরাট থেকে উদ্ধার হলেন ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার এক যুবক। পুলিশি উদ্যোগে তাঁকে ফিরিয়ে এনে শনিবার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভাসলেন পরিবারের সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়াগ্রাম থানার চাঁদাবিলা পোস্ট অফিস এলাকার বাসিন্দা মিঠুন ভক্তা প্রায় ছয় মাস আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি।
পরবর্তীতে সুদূর গুজরাটের কচ্ছ জেলার ভুজ এলাকায় ভবঘুরে অবস্থায় মিঠুনকে উদ্ধার করে ‘মানব জ্যোৎ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার সমাজকর্মী ঋতু বর্মার উদ্যোগে তাঁকে একটি সেবাশ্রমে রাখা হয়, যেখানে চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
পরে তাঁর পরিচয় ও ঠিকানা শনাক্ত হওয়ার পর বিষয়টি নয়াগ্রাম থানাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ একটি বিশেষ দল গুজরাটে পাঠায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার রাতে মিঠুনকে নিয়ে নয়াগ্রাম থানায় ফেরে পুলিশ।
শনিবার আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ভিন রাজ্য থেকে নিখোঁজ যুবককে উদ্ধার করে ফিরিয়ে আনার ক্ষেত্রে নয়াগ্রাম পুলিশের তৎপরতা এবং স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো