
ঝাড়গ্রাম, ১৩ জুন (হি.স.) : কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ঝাড়গ্রামে সাংবাদিক বৈঠক করল বিজেপি। শনিবার শহরের একটি বেসরকারি অতিথিশালায় আয়োজিত এই বৈঠকে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচির সাফল্যের খতিয়ান তুলে ধরেন বিজেপির রাজ্য সম্পাদিকা সোনালী মুর্মু।
তিনি দাবি করেন, দেশের সর্বস্তরের মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নকে লক্ষ্য করে কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। যুবক-যুবতী ও মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে। বিশ্বকর্মা যোজনা, ‘লাখপতি দিদি’-সহ একাধিক প্রকল্পের সুফল গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষ পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আগামী কয়েক বছরের মধ্যে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যেও কেন্দ্র সরকার কাজ করছে বলে জানান।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, জেলা সভাপতি তুফান মাহাতো, জেলা ইনচার্জ বাবলু বর্মন এবং জেলা মিডিয়া ইনচার্জ প্রশান্ত মজুমদার।
এদিন লক্ষ্মীকান্ত সাউ জানান, আগামী ১৫, ১৬ ও ১৭ জুন জেলার বিভিন্ন প্রান্তে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এই শিবিরগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫টি প্রকল্প সংক্রান্ত তথ্য ও পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
তাঁর কথায়, ঝাড়গ্রাম পুরসভা এলাকা এবং জেলার আটটি ব্লক মিলিয়ে মোট ১৬টি শিবির অনুষ্ঠিত হবে। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা টাউন হল এবং দেবেন্দ্রমোহন হলে দুটি শিবির বসবে। এছাড়া গোপীবল্লভপুর-১ ও ২ ব্লকে একটি করে, এবং বিনপুর-১, বিনপুর-২, ঝাড়গ্রাম গ্রামীণ, জামবনি, সাঁকরাইল ও নয়াগ্রাম ব্লকে দু’টি করে শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিজেপির দাবি, এই শিবিরগুলির মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও তথ্য এক জায়গায় সহজে পেতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো