
মুর্শিদাবাদ, ১৪ জুন (হি.স.): আসল পরিচয় গোপন করে ভুয়ো জাতিগত শংসাপত্র এবং সরকারি পরিচয়পত্র বানানোর অভিযোগে রবিবার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আমিরালি শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার গোবর্ধনডাঙ্গা গ্রামপঞ্চায়েতের খাটুয়া এলাকায়। অভিযোগ, নিজের আসল পরিচয় লুকিয়ে তিনি ‘অমিত সর্দার’ নামে এই সমস্ত জাল নথিপত্র তৈরি করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত আমিরালি শেখের আসল বাড়ি উত্তর ২৪ পরগনায়। বেশ কয়েক বছর আগে তিনি সাগরদিঘি পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ ফুলন সর্দারকে বিয়ে করেন এবং তারপর থেকে সেখানেই বসবাস শুরু করেন। এমনকি এলাকার তৃণমূল নেতাও হয়ে যান তিনি| অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র ও জাতিগত শংসাপত্র পাওয়ার উদ্দেশ্যে তিনি নিজের শ্বশুরকে নথিতে ‘বাবা’ হিসেবে উল্লেখ করেন। এই জালিয়াতির মাধ্যমে তিনি আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ডও তৈরি করেন বলে অভিযোগ। রবিবার আমিরালি শেখকে গ্রেফতার করা হয়|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ