
হুগলি , ১৪ জুন (হি.স.): পরিবেশ সংরক্ষণ ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও দৃঢ় করতে রবিবার আরামবাগ বিধানসভার অন্তর্গত মায়াপুর-২ নম্বর অঞ্চলের বলুন্ডী গ্রামে এক চা-চক্র অনুষ্ঠানে যোগ দেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। একই সঙ্গে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
এদিন গ্রামে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিধায়ক। চা-চক্রের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক চাহিদা এবং সাধারণ মানুষের মতামত শোনেন তিনি। গ্রামবাসীরাও নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন।
পরবর্তীতে পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন হেমন্ত বাগ। তিনি নিজ হাতে চারা গাছ রোপণ করেন এবং উপস্থিত সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব উঠে আসে।
বিধায়ক বলেন, “গাছ আমাদের জীবনের অন্যতম ভিত্তি। পরিবেশকে সুস্থ ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। সমাজের প্রত্যেক মানুষের এই উদ্যোগে সামিল হওয়া উচিত।”
অনুষ্ঠানে এলাকার বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন। চা-চক্র ও বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আবেদন জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA