
ঝাড়গ্রাম, ১৫ জুন (হি. স.):-ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ডের আইটিআই সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও আগাছা পরিষ্কার করতে সোমবার সাফাই অভিযানে নামল বিজেপির যুব মোর্চা। এলাকার অস্বাস্থ্যকর পরিবেশ দূর করে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।এই সাফাই অভিযানে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রঞ্জিত সেন। তাঁর নেতৃত্বে যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আবর্জনা সরিয়ে ফেলেন এবং রাস্তার ধারে ও খোলা জায়গায় জন্মানো আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। কয়েক ঘণ্টার এই অভিযানের পর আইটিআই সংলগ্ন এলাকা সম্পূর্ণ আবর্জনামুক্ত হয়ে নতুন চেহারা পায়।রঞ্জিত সেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু প্রশাসনের নয়, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। সাধারণ মানুষের স্বার্থে এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তিনি এলাকাবাসীকেও নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়