
আরামবাগ , ১৫ জুন (হি.স.) : পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং নাগরিক পরিষেবার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আজ সোমবার থেকে শুরু হলো ‘জনকল্যাণ শিবির’। এই উপলক্ষে আরামবাগ ব্লকের একাধিক স্থানে আয়োজিত শিবিরের উদ্বোধন ও পরিদর্শন করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
এদিন তিনি আরান্ডি কর্মতীর্থ, আরামবাগ ব্লক অফিস এবং রবীন্দ্রভবন-সহ আরামবাগ পৌরসভার বিভিন্ন শিবির পরিদর্শন করেন। শিবিরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারি পরিষেবা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিধায়ক হেমন্ত বাগ বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলা। জনকল্যাণ শিবিরের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা, আবেদন সংক্রান্ত সহায়তা এবং নাগরিক পরিষেবা এক ছাদের নিচে পৌঁছে দেওয়া হচ্ছে।
শিবিরে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক ও কর্মীরা উপস্থিত থেকে আবেদন গ্রহণ, তথ্য প্রদান এবং পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে উদ্যোগী হন। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়।
সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জনকল্যাণ শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA