
কলকাতা, ১৫ জুন (হি.স.) : বিশ্ব জুড়েই প্রবীণ নাগরিকদের উপর নিপীড়ন, অত্যাচার ও উপেক্ষার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। পরিবার, সমাজ কিংবা বৃহত্তর পরিসরে নানা ধরনের অপরাধের ক্ষেত্রে প্রবীণরাই অনেক সময় সহজ লক্ষ্যবস্তু হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে তাঁদের সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব প্রবীণ নাগরিক নিপীড়ন সচেতনতা দিবসে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ।
সোমবার বডি গার্ডস লাইনের অডিটোরিয়ামে কলকাতা পুলিশের ‘প্রণাম’ প্রকল্পের উদ্যোগে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মড ফোর্সের যুগ্ম কমিশনার বৈভব তিওয়ারি, অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে-সহ কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিক।
শিবিরে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, আইনগত অধিকার এবং প্রতারণা বা নিপীড়নের শিকার হলে কী করণীয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুপর্ণা বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সাউ এবং সৌরভ দে। তাঁরা প্রবীণদের উদ্দেশে বলেন, যে কোনও ধরনের মানসিক, শারীরিক বা আর্থিক নির্যাতনের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়া জরুরি। পাশাপাশি প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়ার আবেদনও জানান তাঁরা।
কলকাতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত প্রবীণ নাগরিকেরা। তাঁদের মতে, এমন সচেতনতামূলক কর্মসূচি প্রবীণদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নিরাপদ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত