মোদী সরকারের ১২ বছর পূৰ্তি উপলক্ষ্যে ডিমা হাসাওয়ে সচেতনতামূলক কর্মসূচির প্রস্তুতি সভা
হাফলং (অসম), ১৫ জুন (হি.স.) : কেন্দ্রীয় সরকারের জনমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিমা হাসাও জেলা প্রশাসন এক জেলা-স্তরের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে
জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভা


হাফলং (অসম), ১৫ জুন (হি.স.) : কেন্দ্রীয় সরকারের জনমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিমা হাসাও জেলা প্রশাসন এক জেলা-স্তরের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে সোমবার হাফলংস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডিমা হাসাও জেলার জেলা কমিশনার গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে। সভায় উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের যুগ্ম সচিব শ্রীমতী রেবেকা চাংশান, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন জেলা প্রশাসনিক আধিকারিকরা।

সভায় জেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা কমিশনার সংশ্লিষ্ট সকল প্রধান বিভাগকে জেলার উন্নয়নমূলক অগ্রগতির তথ্য সংগ্রহ ও উপস্থাপনের নির্দেশ দেন। আসন্ন সচেতনতামূলক কর্মসূচিতে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, নিজুত মইনা প্রকল্পসহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অধিক সংখ্যক উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। হাইলিঙ্গে বলেন, সংশ্লিষ্ট আধিকারিকদের অবশ্যই লক্ষ্যভুক্ত উপভোক্তাদের সরাসরি আমন্ত্রণ ও অবহিত করতে হবে, যাতে তাঁরা শিবিরে উপস্থিত হয়ে নিজেদের প্রাপ্য সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুফল গ্রহণ করতে সক্ষম হন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত স্থানগুলোতে তথ্য সহায়তা কেন্দ্র, জনকল্যাণমূলক শিবির এবং সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করা হবে, যাতে সরকারের ১২ বছরের শাসনকাল উদ্‌যাপন একটি জনমুখী ও অংশগ্রহণমূলক কর্মসূচিতে পরিণত হয়।

তিন দিনব্যাপী এই সচেতনতামূলক অভিযান আগামী ১৭ জুন, ২০২৬ থেকে জেলার পাঁচটি উন্নয়ন ব্লকে অনুষ্ঠিত হবে। নির্ধারিত স্থানগুলো হলো— দিয়ুং ভ্যালি ডেভেলপমেন্ট ব্লকের জন্য মাইবাং ব্লক অফিস, জাটিঙ্গা ভ্যালি ডেভেলপমেন্ট ব্লকের জন্য মাহুর ব্লক অফিস, নিউ সাংবার ব্লকের জন্য দিহাঙ্গি বাজার কমিউনিটি হল, হারাঙ্গাজাও আইটিডি ব্লকের জন্য হারাঙ্গাজাও ব্লক অফিস এবং দিয়ুংব্রা আইটিডি ব্লকের জন্য হামরিস্থ সিডিসি অফিস।

জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে যে, এই কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্পগুলোর সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং সাধারণ জনগণের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande