বিশেষ চাহিদাসম্পন্ন ৩৯ জন উপভোক্তাকে মোটরচালিত ট্রাইসাইকেল প্রদান, হাসনাবাদে অভিনব উদ্যোগ
কলকাতা, ১৬ জুন (হি.স.): বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যেই মোট ৩৯ জন উপভোক্তার হাতে সোমবার মোটরচালিত ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছিল ‘জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’। এদিন দুপুরে হাসনাবাদের সুবর
হাসনাবাদে ট্রাই সাইকেল বিতরণ


কলকাতা, ১৬ জুন (হি.স.): বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যেই মোট ৩৯ জন উপভোক্তার হাতে সোমবার মোটরচালিত ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছিল ‘জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’। এদিন দুপুরে হাসনাবাদের সুবর্ণদ্বীপ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রাইসাইকেলগুলি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সংস্থার এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হাসনাবাদের বিডিও (BDO) সমীর মণ্ডল জানান, প্রশাসন সব সময় এই ধরনের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতে আরও সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী।

এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ ওমর আলি মোল্লা। ব্যাটারিচালিত ট্রাইসাইকেলের পরিবেশবান্ধব দিকটি তুলে ধরে তিনি উপভোক্তাদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন।

সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল ইসলাম মণ্ডল এই প্রসঙ্গে জানান, আগামী দিনে বিশেষ চাহিদাসম্পন্ন আরও ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। সংস্থার স্পেশাল প্রজেক্ট কো-অর্ডিনেটর আফসার আলি গাজী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং বিভিন্ন ক্ষেত্রে তাঁরা ইতিমধ্যেই নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অনুষ্ঠানে বিএসএফ ও প্রশাসনের একাধিক আধিকারিক এবং বিশিষ্ট সমাজসেবীরাও উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande