
কলকাতা, ১৫ জুন (হি.স.): পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেলে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। এই মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, জামিন মামলায় সোমবারও সুজিত বসুর মিলল না অন্তর্বর্তী জামিন। বরং মামলায় পালটা যুক্তি দিতে চায় ইডি। আগামী ২৯ জুনের মধ্যে ইডি–কে পালটা যুক্তি দিতে সময় দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১ জুলাই দুপুর দুটোয় মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।
গত ১১ মে সুজিতকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, সেই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে বলে মনে করছে ইডি। তাই খতিয়ে দেখা হচ্ছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ