
কলকাতা, ১৬ জুন (হি.স.): কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের প্রাঙ্গণে সোমবার ‘স্বচ্ছ অ্যাপ’-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাপটির পথ চলা শুরু হল।
প্রাথমিক দফায় রাজ্যের ১০টি পুরসভাকে নিয়ে এই বিশেষ অ্যাপটি তৈরি করা হলেও, এদিন থেকেই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড এই অ্যাপের আওতাভুক্ত হল। অনুষ্ঠান মঞ্চ থেকে পরবর্তীতে হাওড়া ও বিধাননগর কর্পোরেশনকেও এই অ্যাপের সঙ্গে যুক্ত করে নেওয়ার পরামর্শ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে ইতিমধ্যেই এই নতুন অ্যাপটি চালু করা হয়েছে, যার সরাসরি সুবিধা পাবেন নাগরিকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তাঁর বক্তব্যে জানান যে, পরিবেশবান্ধব ও সবুজায়নের লক্ষ্য নিয়েই নিরন্তর কাজ করে চলেছে তাঁদের দফতর। অনুষ্ঠানে এই অ্যাপের কার্যকারিতা সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও (পিপিটি) তুলে ধরা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত