
কলকাতা, ১৫ জুন (হি.স.): পশ্চিমবঙ্গে আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপন নিয়ে বড় নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সরকারের তরফে সাফ জানানো হয়েছে, এই বিশেষ দিনে সমস্ত সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে যোগ দিবস কর্মসূচিতে অংশ নিতে হবে।
রাজ্য সরকারের মুখ্য সচিবের কার্যালয় থেকে গত ১৪ জুন জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২১ জুন সকাল ৬টা ৩০ মিনিট থেকে পৌনে ৮টা (৭টা ৪৫ মিনিট) পর্যন্ত সমস্ত কর্মচারীকে তাঁদের নিজ নিজ দফতর, সরকারি আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।
এই নির্দেশ কেবল স্থায়ী কর্মচারীদের জন্যই নয়, বরং অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্স এবং সাম্মানিক (মানদেয়) প্রাপক কর্মচারীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে। এ ছাড়াও রাজ্যের সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় পুরসংস্থা বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত কর্মীদেরও যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এবার কলকাতার রেড রোডে আয়োজিত মূল কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। তাঁদের উপস্থিতিতে এক বিশাল পরিসরে এই যোগ দিবসের আয়োজন করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরে বা বিদেশের কোনো বিশেষ স্থানে যোগ দিবস কর্মসূচিতে অংশ নেন এবং যোগচর্চা নিয়ে বার্তা দেন। গত বছর তিনি বিশাখাপত্তনমে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, অন্যদিকে ২০২৪ সালে শ্রীনগরের ডাল লেকের তীরে আয়োজিত অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। তার আগে ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবস উদযাপিত হয়েছিল।
এ বছর কলকাতায় আয়োজিত এই অনুষ্ঠানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ এতে দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। পাশাপাশি, রাজ্যজুড়ে সমস্ত সরকারি কর্মচারীদের উপস্থিতি সুনিশ্চিত করতে সরকার ইতিমধ্যেই এই কড়া নির্দেশিকা জারি করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি