
কলকাতা, ১৬ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে ৫ দিনের কেন্দ্রীয় কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত-র উদ্বোধন করেন। আগামী ২০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে।
ঘোষণা করা হয়েছে যে, প্রথম দফায় ১৭ জুন গঙ্গার ঘাটে ‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই হাজির থাকতে চলেছেন। আগামী ১৮ তারিখ প্রত্যুষে ভবানীপুর বিধানসভা এলাকায় এই কর্মসূচির অঙ্গ হিসেবে সচেতনতা অভিযানেও মুখ্যমন্ত্রীর সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে। পরদিন, ১৯ তারিখ কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনের সামনে থেকে একটি হাফ ম্যারাথনের সূচনা পর্বে মুখ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং এই ম্যারাথনটি মহাকরণের সামনে গিয়ে শেষ হবে।
এদিনের অনুষ্ঠানে যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য স্বপন দাশগুপ্ত, তাপস রায়, অগ্নিমিত্রা পাল, প্রতিমা চক্রবর্তী ও ড. ইন্দ্রনীল খান এবং বিধায়ক সন্দীপন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক পাপিয়া অধিকারী ও শর্বরী মুখার্জি। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিদায়ী পুর বোর্ডের চেয়ারপার্সন মালা রায়, মেয়র ফিরহাদ হাকিম, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার এবং জাভেদ আহমেদ খান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত