
কলকাতা, ১৫ জুন (হি.স.): মন্তেরেই স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের তিউনিসিয়ার বিরুদ্ধে ম্যাচে ৫-১ গোলে জিতেছে সুইডেন। অথচ বাছাই পর্বে কোনো ম্যাচে গোল হজম করেনি তিউনিসিয়া। সুইডেনের এই বড় জয়ে জোড়া গোল করেছেন আয়ারি। জালের দেখা পেয়েছেন ইসাক, ইয়োকেরেস ও মাতিয়াস স্ফনবার্জ।
ফিফা র্যাঙ্কিংয়ে তিউনিসিয়া থেকে ২১ ধাপ এগিয়ে থাকা সুইডেন বল দখলে পিছিয়ে থাকলেও, আক্রমণে বেশ এগিয়ে ছিল। ম্যাচের প্রথম গোল করতে বেশি সময় নেয়নি ইউরোপের এই দেশটি। ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারি সুইডেনকে এগিয়ে দেন।
এরপর ৩০ মিনিটে সুইডেনের দ্বিতীয় গোল করে সুইডেন।লিভারপুলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের পা থেকে আসে দ্বিতীয় গোলটি। তবে প্রথমার্ধের ৪৩ মিনিটে একটি গোল শোধ দেয় তিউনিসিয়া। গোলটি করেন ওভার রেকিক।
দ্বিতীয় হাফে আবারও দুই গোলের লিড পেয়ে যায় সুইডিশরা। ৬০ মিনিটে আর্সেনালের স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস জালে বল পাঠান।
শেষ দিকে বদলি নেমে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান ম্যাটিয়াস সভানবার্গ। এরপর বাড়ানো সময়ে নিজের দ্বিতীয় ও সুইডেনের পঞ্চম গোলটি করেন আয়ারি। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় সুইডেনের।
আগামী ২০ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সুইডেন। অপরদিকে, ২১ জুন তিউনিসিয়ার প্রতিপক্ষ জাপান।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি