
কলকাতা, ১৫ জুন (হি.স.) : মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে স্মৃতির অর্ধশতক ও দীপ্তির পাঁচ উইকেটে ভারতকে ৬৪ রানের জয় এনে দিল।
এজবাস্টনের এক রৌদ্রোজ্জ্বল বিকেলে, কোলাহলপূর্ণ ও বর্ণিল দর্শকের সামনে ভারত ব্যাট করতে নেমে ১৭১ রানের একটি লক্ষ্য মাত্রা পাকিস্তানের সামনে তুলে ধরে। এই রান করা পাকিস্তানের কাছে কঠিন হবে, তা আগে থেকেই অনুমেয় ছিল।
রিচা ঘোষের বিস্ফোরক ১৭ বলে ৩৪ রানের ইনিংস ভারতকে এই রান তুলতে সাহায্য করে। ইনিংসকে স্থিতিশীল করতে এবং রিচার শেষ ইনিংসের মঞ্চ প্রস্তুত করতে ভারতের সবচেয়ে সফল ব্যাটার, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (৬৮, ৪৪ বল, ৯টি চার, ২টি ছক্কা) এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের (৩৬, ৩৫ বল, ৪টি চার) সমস্ত দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন হয়েছিল।
জবাবে, পাকিস্তান ভালো শুরু করে, মুনিবা (৪১, ৩৫ বল, ৫টি চার) এবং গুল ফিরোজা উদ্বোধনী উইকেটে ৩৮ রান যোগ করেন। এটিই ইনিংসের সবচেয়ে বড় জুটি। ভারত দারুণভাবে বোলিং ও ফিল্ডিং করে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেয়নি। দীপ্তি প্রশংসনীয়ভাবে ভারতীয় বোলিং আক্রমণের নেতৃত্ব দেন এবং ১০ রানে ৫ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি