
ঝাড়গ্রাম, ১৫ জুন (হি. স.):- সোমবার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সরকারি জনমুখী প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত এই শিবিরগুলিতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রকল্পে আবেদন, তথ্য সংশোধন এবং সমস্যা সমাধানের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় বহু মানুষকে।বিধবা ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার-সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ, এই শিবিরের মাধ্যমে তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।এই কর্মসূচির ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী এবং এলাকার জনপ্রতিনিধিরা।বক্তারা জানান, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সহজে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে আসা সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়