
আগরতলা, ১৫ জুন (হি.স.) : ত্রিপুরায় শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি বলেন, শুধু কলেজ নয়, স্কুল স্তরেও ড্রাগসের ব্যবহার দেখা যাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
সোমবার রাজধানী আগরতলায় শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দফতরের আধিকারিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আচরণ, চলাফেরা কিংবা দৈনন্দিন অভ্যাসে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখা গেলে তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে। বিশেষ করে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ড্রাগসের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র সরকারের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।”
তিনি জানান, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মমুখী শিক্ষা এবং গুণগত শিক্ষার প্রসারে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করছে। কন্যাশিক্ষাকে আরও উৎসাহিত করতে এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে নবম শ্রেণির ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ কর্মসূচি চালু রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বাইসাইকেল পাওয়ার ফলে ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং সময়মতো স্কুলে পৌঁছতে সুবিধা হবে। একই সঙ্গে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বাইসাইকেলের যথাযথ ব্যবহার করার আহ্বান জানান। তাঁর মতে, এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে তিনি দাবি করেন, রাজ্যে বর্তমানে স্কুলছুট বা ড্রপআউটের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এই ইতিবাচক ধারা বজায় রাখতে বিদ্যালয় শিক্ষা দফতরকে বাইসাইকেল বিতরণ কর্মসূচি অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ৩১ হাজার ৮০০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এই উদ্যোগের ফলে বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার ছাত্রীরা শিক্ষার মূল স্রোতে আরও বেশি করে যুক্ত হতে পারবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ শিক্ষা দফতরের বিভিন্ন স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত ছাত্রীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ