
মেদিনীপুর, ১৭ জুন (হি. স.): চাকরি দেওয়ার নামে পাঁচ লক্ষ টাকা প্রতারণার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায়। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া এবং তৃণমূল কংগ্রেসের আরও দুই নেতার বিরুদ্ধে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
অভিযোগকারী বিকাশ কুমার টুং সবং বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। বুধবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ, এর বিনিময়ে প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স এবং ভোলানাথ দে-র মাধ্যমে তাঁদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, গত ১ মার্চ ২০২৬ তারিখে মঞ্জু সাহু টুংকে ‘সিআইএসবি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’-এর অধীনে স্টুয়ার্ড পদে তেমথানী ইরিগেশন বাংলোতে নিযুক্ত করা হয়েছিল। পরিবারের দাবি, তিনি নিয়মিতভাবে সেখানে কাজও করছিলেন। কিন্তু চাকরি পাওয়ার ঠিক দুই মাস পর, গত ৬ মে হঠাৎ করে একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চ মাসের বেতন বাবদ ১০ হাজার ৭৪৭ টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল। কিন্তু আকস্মিকভাবে চাকরি চলে যাওয়ার পর থেকে গোটা পরিবার চরম মানসিক ও সামাজিক সংকটের মুখে পড়েছে। অভিযোগকারী বিকাশবাবু জানান, এই ঘটনার পর থেকে তাঁর স্ত্রী গভীর অবসাদে ভুগছেন। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং টাকা ফেরতের দাবি জানিয়ে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ ইতিপূর্বেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই গুরুতর অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বা অন্য অভিযুক্ত নেতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। মামলায় আনা সমস্ত অভিযোগই বর্তমানে পুলিশি তদন্তের অধীন রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি