
মুর্শিদাবাদ, ১৯ জুন (হি.স.): শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের দৌলতাবাদ। নিজের ঘরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক দম্পতির। শুক্রবার সকালে দৌলতাবাদ থানা মোড় এলাকার এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম রাকিব শেখ এবং শিখা বিবি। তাঁরা দৌলতাবাদ থানা মোড় সংলগ্ন এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আচমকাই বাড়ির ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দম্পতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ। ঘর থেকে দম্পতির নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ