
উদয়নারায়ণপুর, ১৯ জুন (হি. স.): প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই কেন্দ্রীয় সরকারের যোগা কর্মসূচির অঙ্গ হিসেবে ‘রান ফর যোগা’-য় অংশ নিলেন হাওড়ার প্রান্তিক এলাকা উদয়নারায়ণপুর বিধানসভার বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। শুক্রবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে যোগব্যায়ামের উপকারিতা ও সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।উদয়নারায়ণপুর বিধানসভা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৃষ্টিস্নাত সকালেও উৎসাহের সঙ্গে অংশ নেন বহু বিজেপি কর্মী। হাতে দলীয় পতাকা ও বিভিন্ন প্রচার সামগ্রী নিয়ে তাঁরা এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন।হাওড়া গ্রামীণ জেলা যুব মোর্চার সভাপতি শুভ্র মাঝি জানান, আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় এই ধরনের প্রচার কর্মসূচি চালানো হবে। তাঁর দাবি, বৃষ্টির মধ্যেও কর্মী-সমর্থকদের উৎসাহ প্রমাণ করে যে যোগব্যায়াম নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে।বিজেপি নেতৃত্বের দাবি, এদিনের ‘রান ফর যোগা’ কর্মসূচি এলাকার সাধারণ মানুষের মধ্যেও সাড়া ফেলেছে। আগামী দিনেও যোগব্যায়াম ও সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলের নেতারা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়