মেখলিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারার অভিযোগ, তীব্র উত্তেজনা স্কুলে
কোচবিহার, ১৯ জুন (হি.স.): কোচবিহারের মেখলিগঞ্জ এলাকার উচুলপুকুরি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে লাঠি দিয়ে নির্মমভাবে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল চত্বরে জড়ো হয়ে জোরদার
মেখলিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে মারার অভিযোগ, তীব্র উত্তেজনা স্কুলে


কোচবিহার, ১৯ জুন (হি.স.): কোচবিহারের মেখলিগঞ্জ এলাকার উচুলপুকুরি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে লাঠি দিয়ে নির্মমভাবে মারার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল চত্বরে জড়ো হয়ে জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন।

অভিভাবকদের দাবি, বৃহস্পতিবার মিড-ডে মিলের সময় স্কুলের সহকারী শিক্ষক মিহির সাহা তৃতীয় শ্রেণীর ছাত্র পারভেজ মিঞাকে কাঠের লাঠি দিয়ে পিঠে সজোরে আঘাত করেন। বাড়ি ফিরে ওই ছাত্রটি কাঁদতে কাঁদতে পরিবারের সদস্যদের কাছে গোটা ঘটনাটি জানায়। এই ঘটনার প্রতিবাদে ও শিক্ষকের শাস্তির দাবিতে শুক্রবার সকালে অভিভাবকরা স্কুলে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। তাঁদের স্পষ্ট বক্তব্য, কোনো ভুল বা অন্যায় করলে অভিভাবককে ডেকে কথা বলা উচিত ছিল, কিন্তু এভাবে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক মিহির সাহার দাবি, ক্লাসের মধ্যে ছাত্ররা ভীষণ চিৎকার-চেঁচামেচি করছিল। বারবার বোঝানোর পরেও তারা শান্ত না হওয়ায় শৃঙ্খলা বজায় রাখতেই তিনি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক পার্থ দাসও জানান যে, ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার জন্যই শিক্ষক ওই ছাত্রকে মেরেছিলেন। তবে তিনি এই ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande