
কানপুর, ১৯ জুন (হি.স.) : উত্তর প্রদেশের কানপুর জেলার মহারাজপুর থানা এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। কানপুর-প্রয়াগরাজ হাইওয়ের নিউ জে কে ধাবার কাছে ওই দেহটি পাওয়া যায়। পরে পুলিশ মৃতদেহটির পরিচয় শনাক্ত করেছে। ঘটনার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গোলু সিং। তিনি হাতিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে তার মাথায় গুরুতর আঘাত এবং মাথার খুলি ভেঙে যাওয়ার প্রমাণ মিলেছে। পুলিশের অনুমান, ভারী বস্তু দিয়ে আঘাত করার ফলেই তার মৃত্যু হয়েছে।
পরিবারের দাবি, গোলু পেশায় একটি গাড়ি চালাক ছিলেন এবং গ্রামের কিছু মানুষের সঙ্গে অর্থ লেনদেনকে কেন্দ্র করে তার বিরোধ চলছিল। তাঁদের অভিযোগ, ওই বিরোধের জেরেই তাঁকে খুন করা হয়েছে এবং পরে মৃতদেহ হাইওয়ের পাশে ফেলে দেওয়া হয়। এছাড়াও তাঁকে আগেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ পরিবারের।
পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য তিনজন সন্দেহভাজনকে আটক করেছে। ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস