
বাসন্তী, ২০ জুন (হি. স.) : বেআইনি অস্ত্রের খোঁজে বাসন্তীতে ফের তল্লাশি চালালো রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার ভোররাতে বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর কুমড়োখালি ও পেটুয়াখালি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর এদিনের তল্লাশিতে ১৪ টি আগ্নেয়াস্ত্র ও ৯৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসটিএফ। বাসন্তী থানার পুলিশকে সঙ্গে নিয়ে চলে অভিযান।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর শেখ এবং শওকত গায়েন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। সূত্রের খবর, ধৃতরা দুজনেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃত জাফর শেখের বাড়ি বাসন্তীর পেটুয়াখালি এলাকায় এবং শওকত গায়েনের বাড়ি শিমুলতলা এলাকায়।
কয়েকদিন আগে চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রমজান মোল্লাকে গ্রেফতার করে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে বাসন্তী ও সন্দেশখালির বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই প্রচুর আগ্নেইয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদিন ভোরেও রমজানকে সাথে নিয়ে তল্লাশি অভিযান শুরু করে এসটিএফ। সূত্রের খবর, রমজান এই এলাকার অস্ত্র কারবারের মূল চক্রী। তাকে নিজেদের হেফাজতে নিয়ে একের পর এক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হচ্ছে এই আগ্নেয়াস্ত্র।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা