বালাসন নদীর জলস্তর কমতেই দুধিয়ায় অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু
শিলিগুড়ি, ২০ জুন (হি.স.) : বালাসন নদীর জলস্তর কমতেই দুধিয়ায় ক্ষতিগ্রস্ত অস্থায়ী সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে। গণপূর্ত দফতর (পিডব্লিউডি) যুদ্ধকালীন তৎপরতায় এই মেরামতের কাজ শুরু করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফু
বালাসন নদীর জলস্তর কমতেই দুধিয়ায় অস্থায়ী সেতু মেরামতের কাজ শুরু


শিলিগুড়ি, ২০ জুন (হি.স.) : বালাসন নদীর জলস্তর কমতেই দুধিয়ায় ক্ষতিগ্রস্ত অস্থায়ী সেতুটি মেরামতের কাজ শুরু হয়েছে। গণপূর্ত দফতর (পিডব্লিউডি) যুদ্ধকালীন তৎপরতায় এই মেরামতের কাজ শুরু করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুঁসে উঠেছিল বালাসন নদী। ফলে দুধিয়া এলাকার পরিস্থিতি চরম রূপ নেয়। নদীর জলস্তর হু হু করে বেড়ে যাওয়ায় দুধিয়ায় হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী সেতুটি জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে শিলিগুড়ির সঙ্গে মিরিকের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে বৃষ্টি থামার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নদীর জলস্তর কমতেই শনিবার সকাল থেকে গণপূর্ত দফতর দ্রুততার সঙ্গে মেরামতের কাজ শুরু করে দিয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে জেসিবি মেশিনের সাহায্যে সেতুর চারপাশে জমা বালি ও মাটি সরানো হচ্ছে। সেই বালি ও মাটি ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত অস্থায়ী সেতুটি পুনরায় চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়া যদি অনুকূল থাকে, তবে আগামী তিন দিনের মধ্যে সেতুটি পুরোপুরি সচল হয়ে যাবে এবং শিলিগুড়ি-মিরিক রুটে পুনরায় যান চলাচল শুরু হবে। টানা বৃষ্টির পর আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় দুধিয়া ও সংলগ্ন এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande