
তুতিকোরিন, ২০ জুন (হি.স.) : ওমানে কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া তুতিকোরিনের নাবিক নিশান্তের পরিবারের সঙ্গে শনিবার দেখা করলেন তামিলনাড়ুর মৎস্যমন্ত্রী শ্রীনাথ। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, নিশান্তের মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পরিবারের দাবিগুলিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
গত ১১ জুন ওমানে একটি জাহাজে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে মারা যান তুতিকোরিনের বাসিন্দা নিশান্ত। স্থানীয়ভাবে ময়নাতদন্তের পর বর্তমানে তাঁর মরদেহ মাস্কাটে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে পরিবার।
নিশান্তের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ, ঘটনায় গাফিলতির সম্ভাবনা রয়েছে। তাঁদের দাবি, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং শিপিং সংস্থার অবহেলা প্রমাণিত হলে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আবেদনও জানিয়েছেন তাঁরা।
পরিবারের আরও দাবি, সংসারের একমাত্র উপার্জনকারীকে হারানোর পর আর্থিক সংকটে পড়েছেন তাঁরা। তাই পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ারও আবেদন জানানো হয়েছে।
শনিবার নিশান্তের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মৎস্যমন্ত্রী শ্রীনাথ। তিনি বলেন, এই কঠিন সময়ে তামিলনাড়ু সরকার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করা হবে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং আগামী দু'দিনের মধ্যেই নিশান্তের মরদেহ তুতিকোরিনে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ নিয়ে পরিবারের উদ্বেগও যথাযথ মহলে উত্থাপন করা হবে।
মন্ত্রী ঘোষণা করেন, নিশান্তের স্ত্রী সারোবিনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাঁকে উপযুক্ত সরকারি চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তাঁদের দুই সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ সুরক্ষায় রাজ্য সরকার এবং মৎস্য দফতরের পক্ষ থেকে সর্বতোভাবে সহায়তা করা হবে।
শ্রীনাথের কথায়, সরকারের লক্ষ্য শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, বরং পরিবারটির দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করাও। বৈধ সব দাবির বিষয়েই সরকার সংবেদনশীলতার সঙ্গে পদক্ষেপ করবে বলেও তিনি আশ্বাস দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য