
গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : আজ শনিবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। এছাড়া গতকাল শুক্ৰবার অসমের ওদালগুড়িও কেঁপেছে মৃদু ভূকম্পনে। তবে মৃদু ভূমিকম্পের ফলে কোনও জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল ১০টা ০৩ মিনিট ০৮ সেকেন্ডে মৃদু ভূকম্পে কেঁপেছে মণিপুরের অবিভক্ত উখরুল তথা বর্তমান কামজং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.৩। এতে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর জারিকৃত বুলেটিন অনুযায়ী, মণিপুরের কামজং জেলায় ৪.৩ মাত্রার ভূমিকম্পটি ভারতীয় সময় ১০:০৩:০৮টায় সংঘটিত হয়েছে। কম্পনের উপকেন্দ্র ছিল কামজঙের ভূপৃষ্ঠের ৬৩ কিলোমিটার গভীরে ২৪.৭২২ উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯৪.৪৮৭ পূর্বে।
এদিকে গতকাল শুক্রবার অসমের ওদালগুড়ি জেলায় বিকাল ০৫টা ২১ মিনিট ২৪ সেকেন্ডে ৩.৪ প্ৰাবল্যের ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র বুলেটিনে জানানো হয়েছে, এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে ২৬.৮০১ উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯১.৭৮২° পূর্বে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস