
মালদা, ২০ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে আয়োজন করা হয়েছে এক শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের। এদিন পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিংহ-সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক। মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করা হয়েছে।
বক্তারা পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের ধারাকে তুলে ধরে দিবসটির তাৎপর্যের কথা উল্লেখ করেন। রাজ্যের অগ্রগতির লক্ষ্যে সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপরও জোর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে উন্নয়নমুখী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এদিন অনুষ্ঠান ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের ইতিহাস ও গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের উন্নয়নের অঙ্গীকার নিয়েই এদিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত