

মৌসুমী সেনগুপ্ত
কলকাতা, ২০ জুন (হি. স.) : “পশ্চিমবঙ্গ দিবস মানে একটা স্বপ্ন দেখার দিন। স্বপ্ন বাস্তবায়িত করার দিন”। শনিবার
‘পশ্চিমবঙ্গ দিবস’-স্মরণ অনুষ্ঠানের সভাপতি হিসাবে এই মন্তব্য করেন প্রবীন বুদ্ধিজীবী,
বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ-এর সহ সভাপতি ডাঃ সুবীর চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য এবং ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা স্মরণ করেন পরিষৎ-এর সম্পাদক অধ্যাপক ডঃ রমেন সর।
ডাঃ সুবীর চট্টোপাধ্যায় বলেন, বহু বাঙালিকে পরিযায়ী হয়ে ভিন রাজ্যে চলে যেতে হয়েছে। শিক্ষা, শিল্প যেন ধ্বংশের মুখে। নতুন করে গড়ে তুলতে হবে দিশাহীন বাংলাকে। এই সঙ্গে এটাও মনে রাখতে হবে, কেবল উৎসব করলে হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করতে সবাইকে কাজ এবং দায়িত্ব পালন করতে হবে।
পরিষৎ-এর অন্যতম কর্ত্রী অধ্যাপিকা নবনীতা বসু সমাপ্তি ভাষণে বলেন, “২০ জুন মানে কেবল দেওয়াল-পঞ্জিকার পাতা ওল্টানোর দিন নয়। অখণ্ডতার বজায় রাখার স্মরণ করার দিন।”
এদিন পরিষৎ-আহুত এই অনুষ্ঠানের আমন্ত্রিত মূল বক্তা লেখক-সাংবাদিক অশোক সেনগুপ্ত ‘পশ্চিমবঙ্গ দিবস’ স্মরণে তাঁর বিশদ অভিব্যক্তির কথা বলেন। অনুষ্ঠান সংযোজনার দায়িত্বে ছিলেন দীপঙ্কর মল্লিক। পরিবেশনের আগে 'তিলে তিলে মরতে চাই না......'— শ্যামাপ্রসাদের এই পরিচ্ছেদ পাঠ করেন অধ্যাপক রমেন সর। সমবেতরা দাঁড়িয়ে আবেগময় ওই অভিব্যক্তিকে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠান শুরুর আগে পরিষৎ-ভবনের ঐতিহ্যপূর্ণ সভাগৃহে নেপথ্যে পরিবেশিত হয় ‘আমি বাংলার গান গাই’, ‘বাংলার মাটি বাংলার জল’ প্রভৃতি চিরকালীন সঙ্গীত। তেমনই অনুষ্ঠান-শেষে ছিল ‘বন্দে মাতরম’।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত