
কোঝিকোড়, ২০ জুন (হি.স.) : কেরলমের কোঝিকোড়ে নিপা সংক্রমণ নিয়ে আপাতত কিছুটা স্বস্তির ছবি সামনে এলেও সতর্কতা একটুও শিথিল করছে না স্বাস্থ্য দফতর। আক্রান্তের সংস্পর্শে এসে পর্যবেক্ষণে থাকা সকলেই নির্ধারিত সময় শেষ করে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একইসঙ্গে উপসর্গ দেখা দেওয়া ১৪ জনের কারও শরীরেই নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। তবে এক স্বাস্থ্যকর্মীর পরীক্ষার রিপোর্ট এখনও হাতে আসেনি।
অন্যদিকে, কোঝিকোড় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একমাত্র নিপা আক্রান্তের অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন এবং নিবিড় পরিচর্যায় তাঁর চিকিৎসা চলছে।
শনিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কাউকে সংস্পর্শের তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়নি। বর্তমানে মোট ১০৪ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যে চার জন অত্যন্ত উচ্চ ঝুঁকিতে, ১৪ জন উচ্চ ঝুঁকিতে এবং ৮৬ জন নিম্ন ঝুঁকির তালিকায় রয়েছেন। প্রত্যেকের শারীরিক অবস্থার উপর প্রতিদিন নজর রাখছেন স্বাস্থ্যকর্মীরা।
সংক্রমণ রুখতে রামানাট্টুকারা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্বাস্থ্য দফতরের দল অতিরিক্ত ৫৬টি বাড়িতে গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি নিপা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কেও সচেতন করেছে।
জেলা কন্ট্রোল রুমও সক্রিয় রয়েছে। এখনও পর্যন্ত নিপা সংক্রান্ত তথ্য ও পরামর্শ জানতে ৮৮টি ফোন এসেছে। পাশাপাশি সংস্পর্শে আসা প্রত্যেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
আতঙ্ক কাটাতে জেলা মানসিক স্বাস্থ্য কর্মসূচির আওতায় ১১৮ জনকে কাউন্সেলিং ও মনোসামাজিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
স্বাস্থ্য দফতরের আবেদন, গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকা মেনে চলুন এবং নিপা সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের উপরই ভরসা রাখুন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য