আরামবাগ নেতাজি মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গ দিবস পালন উপস্থিত বিধায়ক
আরামবাগ , ২০ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, এবিভিপির জেলা সভাপ
নেতাজি মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গ দিবস পালন


আরামবাগ , ২০ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, এবিভিপির জেলা সভাপতি শুভঙ্কর খাঁ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বাংলার গৌরবময় ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামে রাজ্যের অবদান এবং বর্তমান প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা।

বিধায়ক হেমন্ত বাগ তাঁর বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গ শুধু একটি ভৌগোলিক সীমানা নয়, এটি একটি সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। তরুণ প্রজন্মকে বাংলার ইতিহাস সম্পর্কে আরও সচেতন হয়ে রাজ্যের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এবিভিপির জেলা সভাপতি শুভঙ্কর খাঁ বলেন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয়তাবোধের বার্তা পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তিনি ছাত্রছাত্রীদের সমাজ ও দেশের কল্যাণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও গৌরবকে স্মরণ করে আয়োজিত এই কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই বাংলার সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা এবং আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande