
শিলচর (অসম), ২১ জুন (হি.স.) : ‘যোগের মাধ্যমে উজ্বল জীবন, সংযোগ সারা বিশ্বে’ শীর্ষক বার্তাকে সামনে রেখে কাছাড় জেলার অন্তর্গত উধারবন্দের ঐতিহাসিক রাজবাড়ির ভুমিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস।
এদিন ন্যাশনাল আয়ুষ মিশন, আসাম এবং কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগাভ্যাস করেছেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
উদযাপন কর্মসূচি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জেলাস্তরে চলতি বছরের যোগাসন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া। বিভিন্ন বয়সের যোগ প্রতিভারা তাঁদের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের শংসাপত্র বিতরণ করেন মন্ত্রী কৌশিক রায়।
মন্ত্রী কৌশিক ও বিধায়ক গোয়ালা বলেন, যোগ শুধু শরীরচর্চা নয়, এটি ভারতের ঋষিদের প্রবর্তিত জীবনদর্শন। কাছাড়ে এর প্রসার দেখে গর্বিত তিনি। পরে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই ভার্চুয়ালি যোগ দেন উপস্থিত জনেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণায় গৃহীত দুটি বৃহৎ প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। প্রকল্পগুলো দুটি ‘আমার মাটি-আমার নায়ক’ এবং ‘পিএম শ্রী গাঁও গাঁও যোগ মহা-অভিযান’।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস